জেলা

হাবরায় তৃণমূলের সাংগঠনিক সম্পাদকের বৈঠক

হাবরায় তৃণমূলের সাংগঠনিক সম্পাদকের বৈঠক

বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ
অশোকনগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ধীমান রায় রাজ্য সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়ার পরই মঙ্গলবার হাবরা পৌরসভায় পৌরসভার সদস্য এবং কিছু কর্মীদের নিয়ে করোনার তৃতীয় ঢেউ এবং ডেঙ্গু সংক্রান্ত একটি বৈঠক সম্পন্ন করেন।
উত্তর ২৪ পরগনা জেলার বিধানসভা ভোটে অশোকনগর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রথমে ধীমান রায়ের নাম ঘোষণা করার পর দলের একাংশের তাঁকে প্রার্থী পদ থেকে সরানোর দাবিতে বিক্ষোভ দেখানোয় শেষমেষ ধীমান রায়কে সরিয়ে নারায়ন গোস্বামীকে প্রার্থী করে তৃণমূল নেতৃত্ব। ফলে ভোট প্রচারে অশোকনগরে তাঁকে একপ্রকার দেখা যায়নি বললেই বলা যায়।

এমনকি সেই অভিমানে হাবরায় ভোটপ্রচারে এসেছিলেন মুখ্যমন্ত্রী, সেখানেও তিনি অনুপস্থিত ছিলেন। সেদিনের উপচে পড়া ভীড়ের মাঝে ধীমানের অনুপস্থিতি নজর এড়ায়নি মুখ্যমন্ত্রীর, তিনি প্রচার মঞ্চে উপবিষ্ট অবস্থায় ধিমান রায়-এর প্রভূত প্রশংসা-র পাশাপাশি দলে তাঁকে একটি সম্মানীয় পদ দেওয়া হবে একথাও বলেছিলেন। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ধীমান রায়কে সোমবার রাজ্য সাংগঠনিক সম্পাদকের সম্মান দেওয়া হয়। এরপর মঙ্গলবার হাবরা পৌরসভায় পৌরসভার সদস্য এবং কর্মীদের নিয়ে এক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে তিনি জানান দল আমায় রাজ্য সাংগঠনিক সম্পাদকের সম্মান দেওয়ায় আমি খুশি। দলীয় নেতৃত্ব আমাকে যা দায়িত্ব দেবেন, আমি তা-ই পালন করব।

পাশাপাশি তিনি বলেন করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, একইসাথে বর্ষা পরিস্থিতিতে ডেঙ্গুর প্রকোপ যাতে না বাড়ে তার প্রতিরোধের সমস্ত রকম ব্যবস্থা, সে সংক্রান্ত বিষয়ে দ্রুত এলাকার মানুষদের কিভাবে পরিষেবা দেওয়া যায় তা নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে।

Related Articles

Back to top button