জেলা

করোনা সংক্রমন কমাতে সোমবার থেকে তিন দিন বাজার দোকান বন্ধ রয়েছে সোনারপুর রাজপুর পৌর এলাকায়

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সোনারপুর : গোটা রাজ্যেই ক্রমশ নিম্নগামী হচ্ছে দৈনিক করোনা সংক্রমণ। দক্ষিণ ২৪ পরগণার রাজপুর-সোনারপুর পুরসভাতেও আগের থেকে সংক্রমণ অনেকটা কমলেও এখনও সেখানে দৈনিক ২৫ জন করে আক্রান্ত হচ্ছেন কোভিডে। সংক্রমণের এই গ্রাফকে এক্কেবারে নীচে নিয়ে আসার জন্য সোমবার থেকে তিন দিনের জন্য সম্পূর্ণ লক ডাউন শুরু হয়েছে এই পুরসভা এলাকায়।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই তিন দিন পুরসভা এলাকার সব বাজার এবং দোকান বন্ধ থাকছে। শুধুমাত্র ওষুধ এবং দুধের দোকান খোলা আছে। সংক্রমণের শৃঙ্খল পুরোপুরি ভাঙার জন্য এই উদ্যোগ বলে জানান সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম।শনিবার স্থানীয় বাজার কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রশাসনিক কর্তারা। বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগণার পুলিশ সুপার, দু’টি থানার আইসি, সোনারপুর রাজপুর পুরসভার প্রশাসক বোর্ডের সদস্যরা এবং স্থানীয় বিধায়কদ্বয়।পুরসভার তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবার অর্থাৎ ১ এবং ২ জুলাই বাজার এবং দোকানপাটগুলি খুলবে। ততদিনের মধ্যে যদি দৈনিক সংক্রমণ কমে যায়, তা হলে ৩ জুলাই থেকে স্বাভাবিক ভাবেই দোকান এবং বাজার খোলার অনুমতি দেওয়া হবে।

উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগণার কোভিড পরিস্থিতির প্রভূত উন্নতি হয়েছে গত এক মাসে। করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলাকালীন এই জেলায় দৈনিক ১২০০ জনও আক্রান্ত হয়েছেন। এপ্রিলের শেষ থেকে মে’র তৃতীয় সপ্তাহ পর্যন্ত রোজই এক হাজারের ওপরে মানুষ আক্রান্ত হচ্ছিলেন এই জেলায়।
কিন্তু মে’র শেষ সপ্তাহ থেকে সেটা ক্রমশ কমতে শুরু করে। বর্তমানে দক্ষিণ ২৪ পরগণার দৈনিক সংক্রমণ গড়ে ১১০ থেকে ১২০-এর মধ্যে ঘোরা ফেরা করছে। জেলায় সাপ্তাহিক সংক্রমণের হার বর্তমানে রয়েছে ২.৫৬ শতাংশ।পরিস্থিতির এই পর্যায় উন্নতি হলেও প্রশাসন একেবারে সমূলে করোনাভাইরাসকে নির্মূল করে দিতে চাইছে। সে কারণে এই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেল ।-+—

Related Articles

Back to top button