মাটি খুঁড়তেই উদ্ধার ১৪টি গোখরো
মাটি খুঁড়তেই উদ্ধার ১৪টি গোখরো
বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ
বাড়ির ভীটের মাটি খুঁড়ে দীর্ঘ প্রায় ১১ ঘন্টার চেষ্টায় সদ্যোজাত ১৪টি গোখরো,২৩ টি ডিমের খোলা সহ সাপের খোলস উদ্ধার করে বনকর্মীরা। ঘটনাটি ঘটে হাবরার বেলতলা এলাকায়।
উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত বিদ্যাসাগর পল্লীর বেলতলা এলাকার বাসিন্দা গোপাল মন্ডলের বাড়িতে সোমবার সন্ধ্যায় একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন ঘরে থাকা একটি গর্ত থেকে একটি সদ্যজাত গোখরো সাপকে বেরিয়ে আসতে দেখা যায়। পরেরদিন অর্থাৎ মঙ্গলবার একই রকম দুই তিনটি সাপকে বাড়ির আনাচে কানাচে ঘোরাঘুরি করতে দেখে বনদপ্তরে খবর দেওয়া হয় বলে পরিবার সূত্রে খবর। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ভীড় জমাতে শুরু করে মানুষ। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মনে। খবর পেয়ে বনদপ্তর কর্মীরা দুপুর একটা নাগাদ ঘটনাস্থলে আসেন এবং কাজ শুরু করেন। মানুষের ভীড়ে পরিস্থিতি বেগতিক দেখে হাবড়া থানায় ঘটনার বিবরন জানানো হলে, ঘটনাস্থলে পৌঁছে ভীড় সরিয়ে বনকর্মীদের কাজে সহযোগিতা করে হাবড়া থানার পুলিশ।
শেষমেশ রাত ১২টা নাগাদ বনদপ্তরের কর্মীরা গোপাল বাবুর ঘরের ভীটের মাটি খুঁড়ে ১৪ টি গোখরো সাপের সদ্যজাত বাচ্চা, ২৩ টি সাপের ডিমের খোসা এবং সাপের খোলস উদ্ধার করে। বনদপ্তর সূত্রে জানা যায় গোখরো সাপের বাচ্চা গুলোকে বারাসাত ফরেষ্ট আধিকারিকের হাতে তুলে দেয়া হয়েছে, পরবর্তীতে কোন একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
এদিনের ঘটনায় বাড়ির মালিকসহ এলাকাবাসীরা আতঙ্কিত হলেও বর্তমানে কিছুটা স্বস্তি পেয়েছেন বলেই স্থানীয় সূত্রে খবর।



