জেলা

বাড়ির সামনে মদ বিক্রির প্রতিবাদে অ্যাসিড হামলা

বাড়ির সামনে মদ বিক্রির প্রতিবাদে অ্যাসিড হামলা

বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ
কিছুদিন যাবত বাড়ির সামনে বেআইনিভাবে মদ বিক্রি করায় প্রতিবাদমুখর হয়ে ওঠে বাড়ির মহিলা। তারই জেরে ওই বাড়িতে চড়াও হয়ে অশালীন ভাষায় গালিগালাজ করে শেষে মদ বিক্রেতা অ্যাসিড ছোড়ে বলে অভিযোগ। ঘটনাটি ঘটে অশোকনগর থানার অন্তর্গত হরিপুর এলাকায়।

উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার অন্তর্গত ৯ নং ওয়ার্ডের হরিপুরের বাসিন্দা নারায়ন ওরফে নাড়ু সাধু দীর্ঘদিন যাবত এলাকায় বেআইনিভাবে মদ বিক্রি করতেন এমনকি নিজ বাড়িতে মদের আসর বসাতেন।ফলে মধ্যপ লোকেদের জন্য নাড়ু বাবুর বাড়ির সামনের রাস্তা দিয়ে এক প্রকার হেঁটে যাওয়া যেত না। জনবহুল পরিবেশে ওই কারবার বন্ধ করবার জন্য বিভিন্ন মহলে জানিয়েও কোন লাভ হয়নি, উপরন্ত দিনের পর দিন তা আরও বৃদ্ধি পেয়েছে বলেই স্থানীয় সূত্রে খবর। গত প্রায় দেড় মাস ধরে নাড়ু সাধু টোটোয় করে মদ এনে স্থানীয় বাসিন্দা তানিয়া দাস বসুর বাড়ির সামনে দাঁড়িয়ে, সেখান থেকেই রীতিমতো মদ বিক্রি করতেন। তাঁর বাড়ির গেটের সামনে ঐরূপ কারবার করা যাবে না, আপত্তি জানালে ঘটে অ্যাসিড হামলা। তানিয়া দেবি জানান তাঁর বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে টোটোর সিটের নীচে মদ রেখে দীর্ঘ প্রায় দেড় মাস ধরে ওই কারবার চালাচ্ছিল নাড়ু সাধু। দীর্ঘদিন ধরে এলাকার শান্তি বিঘ্নিত হচ্ছিল ঠিকই কিন্তু আমার বাড়ির গেটের সামনে ঐরূপ বেআইনি কারবার করায় আমি ঘোরতর আপত্তি জানালে সোমবার সন্ধ্যায় নাড়ু আমার বাড়িতে মদ্যপ অবস্থায় ঢুকে হুমকি দেয় এবং গালিগালাজ করে। তারপর রাত প্রায় ১১ টা নাগাদ আমায় বাইরে বেরিয়ে আসতে বললে আমি না আসায় বাড়িতে কিছু ছুঁড়ে মারার শব্দ শুনতে পাই। মঙ্গলবার সকালে প্রথমে আমার বাড়ির ভাড়াটিয়া টিউবওয়েলে যাওয়ার সময় পায়ে কিছু লেগে জ্বালা অনুভব করে, পরে আমি নীচে এসে মাটিতে পা দিতেই পায়ে জ্বালা অনুভব করি।

তানিয়া দেবির কথা অনুযায়ী আগেরদিন রাতে যে আওয়াজটি পাওয়া গিয়েছিল তাতে নাড়ু অ্যাসিড ছুড়েছিল বলেই মনে করেন, যার ফলে কলের চাতালের সিমেন্ট এবং ফুল গাছগুলো সব একেবারে ঝলসে গিয়েছে। প্রথমে হাসপাতালে গিয়ে চিকিৎসা করান তারপর ওই ঘটনার পরিপ্রেক্ষিতে অশোকনগর থানায় একটি লিখিত অভিযোগ পত্র দায়ের করেন। বাড়িতে স্বামী-মেয়ে নিয়ে থাকেন, এদিনের ঘটনায় খুবই আতঙ্কে আছেন বলেই জানান তানিয়া দেবি।

ওই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার নাড়ু সাধুকে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ। ধৃতকে বারাসাত আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।
পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তি এলাকায় টোটোয় করে ডিম বিক্রি করে একাধারে সে মদের নেশায় আসক্ত। তানিয়া দেবীর বাড়ির কলতলায় অ্যাসিড পড়েছিল যা থেকে ওই ঘটনার উৎপত্তি বলেই পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। তবে তা কি ধরনের অ্যাসিড ছিল, নাড়ুই তা ছুড়েছিল কিনা, পাশাপাশি টোটোয় করে সে মদ বিক্রি করত কিনা, সমস্তটা খতিয়ে দেখছে অশোকনগর থানার পুলিশ।

এদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী বলেন এটি একটি মারাত্মক অভিযোগ অবিলম্বে পুলিশের উচিত ওই সমস্ত অসামাজিক ক্রিয়া-কলাপ কঠোর হস্তে দমন করা। আশা করি পুলিশ তা করবে। স্থানীয় সূত্রে জানা যায় অশোকনগর কল্যাণগড় পৌর এলাকায় আগে মদের কারবার রমরমিয়ে চলত, প্রকাশ্যে মদ বিক্রি হত, সন্ধ্যার পর বাইরে থেকে যুবকেরা আসত মদের আসরে। পুলিশের অভিযানে এখন অবশ্য সেই কারবার অনেকটাই কমেছে।

Related Articles

Back to top button