পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে জনসচেতনতা
মছলন্দপুর, উত্তর ২৪ পরগনা : করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর দেশজুড়ে উদ্বেগ ও আশঙ্কার মধ্য দিয়ে দিনযাপন করতে হচ্ছে সাধারণ মানুষকে। এই অতিমারীর হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় জনসচেতনতা এবং মাস্ক পড়া আবশ্যিক। কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থা “ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন”-এর উদ্যোগে এবং শিয়ালদহ রেলওয়ে পুলিশের সহযোগিতায় সহযোগিতায় পূর্ব রেলওয়ে শিয়ালদহ ডিভিশনের প্রত্যেকটি স্টেশনে জনসচেতনতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শনিবার সকালে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের মছলন্দপুর স্টেশনে ওই সংস্থার উদ্যোগে রেলের সাধারণ যাত্রীদের উদ্দেশ্যে মাইকিং করে জনসচেতনতা বাড়ানো হয়। সেই সঙ্গে যে সমস্ত যাত্রীদের মুখে মাস্ক নেই তাদের হাতে তুলে দেন সংস্থার স্বেচ্ছাসেবকরা। এই জনসচেতনতা মূলক উদ্যোগে সামিল হয়েছিলেন বনগাঁ জিআরপিএস-এর আধিকারিক সুনীল গুহ রায়।
সংস্থার সম্পাদক মিহির দাস বলেন, আশার কথা শতকরা ৯৮ জন ট্রেনযাত্রী মাস্ক পরিধান করছেন। এই ডিভিশনের বড় বড় স্টেশনগুলিতে সংস্থার পক্ষ থেকে জনসচেতনতার কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই আমরা দশ-বারোটি স্টেশনে এই কর্মসূচি পালন করেছি। আমাদের স্বেচ্ছাসেবকরা চেষ্টা করে যাচ্ছেন এই কর্মসূচি সার্থক করে তুলতে।



