রাতেই প্ল্যাস্টিক সার্জারি হল মুখে, কী পাওয়া গেল ঋষভ পন্থের MRI রিপোর্টে?

নিজস্ব সংবাদদাতা: বাড়ি ফিরছিলেন মাকে সারপ্রাইজ দিতে। মাঝপথেই ঘটল দুর্ঘটনা। ভয়াবহ বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ভারতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্থ । শুক্রবার উত্তরাখণ্ড থেকে ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়েন পন্থ, গুরুতর আঘাত লাগে তাঁর মাথা, পিঠ ও পায়ে। সঙ্গে সঙ্গেই তাঁকে রুরকির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গতকালই জানানো হয়েছিল, প্ল্যাস্টিক সার্জারি করা হবে ঋষভ পন্থের। রাতে চিকিৎসকরা জানান, আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ঋষভ পন্থের। তাঁর মস্তিষ্ক ও শিরদাঁড়ার এমআরআই রিপোর্টও স্বাভাবিক এসেছে বলেই জানা গিয়েছে।
শুক্রবার ভোরে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন ভারতীয় ক্রিকেট দলের উইকেট কিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে রুরকি ফেরার পথে দিল্লি-দেহরাদুন হাইওয়েতে ভোর সাড়ে পাঁচটা নাগাদ গাড়িটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে উল্টে যায় গাড়িটি। আগুনও ধরে যায় গাড়িতে। তবে ঠিক তার আগেই ঘটনাস্থলে উপস্থিত লোকজনেরা গাড়ি থেকে বের করে আনেন ঋষভ পন্থকে। বর্তমানে তিনি দেহরাদুনের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিসিসিআই-র তরফেও জানানো হয়েছে, ঋষভ পন্থের কপালে দুটি ক্ষত রয়েছে। তাঁর হাঁটুর লিগামেন্টও ছিড়ে গিয়েছে। পায়ের গোড়ালি, পায়ের পাতা ও হাতেও আঘাত লেগেছে। পিঠ অনেকটা ছড়ে গিয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।



