জাতীয় দলের তকমা বাঁচাতে নির্বাচন কমিশনে তৃণমূল? ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ সুখেন্দুর

নয়া দিল্লি : জাতীয় দলের তকমা হারাতে বসেছে তৃণমূল (TMC)! সেই ইস্যুতেই এবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার মুখ্য নিবার্চন কমিশনার-সহ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেছেন তৃণমূল সাংসদ এবং রাজ্যসভায় দলের মুখ্য আহ্বায়ক সুখেন্দু শেখর রায়। ৩০ মিনিট ধরে মুখ্য নিবার্চন কমিশনারের সঙ্গে তিনি কথা বলেছেন বলে জানা গিয়েছে। নেত্রীর নির্দেশেই সুখেন্দু শেখর রায় মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে এই সাক্ষাৎ বলে সূত্রের খবর। শুধু তৃণমূল নয়, একই সঙ্গে সিপিআই ও এনসিপির জাতীয় দলের তকমা নিয়ে প্রশ্ন উঠেছে বলেও সূত্রের খবর। সম্প্রতি ত্রিপুরায় নোটার থেকেও কম ভোট পেয়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গের বাইরে শুধুমাত্র মেঘালয়ে ৫টি আসন পেয়েছে তৃণমূল। এরপরই নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিস এসেছে বলে সূত্রের খবর।
অসুস্থতাই হাতিয়ার, জামিন পেতে অনুব্রতর শেষ ভরসা দিল্লি হাইকোর্টে ঝুলে থাকা মামলা
সূত্রের খবর, তৃণমূল, সিপিআই ও এনসিপি-কে এ ব্যাপারে নোটিস দেওয়া হয়েছিল কমিশনের তরফে। তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন তাদের জাতীয় দলের তকমা রাখা হবে? এছাড়াও ৬টি রাজ্যস্তরের দলের কাছেও একই প্রশ্ন রাখা হয়েছে। প্রত্যেক দলের প্রতিনিধিদের কাছ থেকে এ ব্যাপারে বক্তব্য শুনতে চেয়েছিল কমিশন। সে কারণেই তৃণমূল সাংসদ কমিশনে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে।
নির্বাচন কমিশনের সিম্বল অর্ডারের সেকশন ৬বি অনুযায়ী, জাতীয় দলের তকমা পেতে গেলে তিনটি শর্তের মধ্যে যে কোনও একটি পূরণ করতে হয়। লোকসভা নির্বাচনে কোনও দলকে অন্তত তিনটি রাজ্য থেকে ভোটে লড়তে হবে, কমপক্ষে দেশের মোট আসনের ২ শতাংশ আসনে জিততে হবে। দ্বিতীয় শর্ত হল, লোকসভা নির্বাচনে অন্তত ৪টি রাজ্য থেকে ৬ শতাংশ ভোট পেতে হবে ও এক বা তার বেশি রাজ্য থেকে ৪টি করে আসন পেতে হবে। ৪টি বা তার বেশি রাজ্যে রাজ্যদলের তকমা থাকতে হবে দলের কাছে। এই তিন শর্তের যে কোনও একটি পূরণ করলেই জাতীয় দলের তকমা পাওয়া যায়।



