পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের রেপিড এন্টিজেন টেস্ট করা হচ্ছে
প্রদীপ কুমার মাইতি’পূর্ব মেদিনীপুর ঃ কাঁথিঃ কোভিড-১৯ এ আতঙ্কিত গোটা বিশ্ব। যতই দিন এগোচ্ছে মহামারী করোনা ভাইরাসের জেরে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। তাই করোনা আতঙ্কের কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনেই এবং সামাজিক দূরত্ব বজায় রেখে রেপিড (এন্টিজেন) টেস্টের আয়োজন করা হয়। বৃহস্পতিবার কাঁথি-১ ব্লক স্বাস্থ্য দফতরের উদ্যোগে ও মহিষাগোট গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় পিছাবনী বিপর্যয় মোকাবিলা কেন্দ্রে স্থানীয় পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের রেপিড এন্টিজেন টেস্ট করা হয়েছে। মহিষাগোট গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল মিশ্র জানিয়েছেন, এ দিন এলাকার প্রায় ৩০০ জনের রেপিড এন্টিজেন টেস্ট করা হয়েছে। পাশাপাশি তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়। উপস্থিত ছিলেন উপ-প্রধান মিঠু মান্না, ব্লক স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মিনতি গিরি, সমাজসেবী অরুপ কর ও নন্দ বেজ, স্থানীয় পঞ্চায়েত সদস্য কেশব প্রধান, বিনয়কৃষ্ণ প্রধান প্রমুখ। তবে এ দিন রেপিড এন্টিজেন টেস্টের জন্য সকাল থেকে স্থানীয় এলাকার বহু মানুষ ভীড় জমান। যা ছিল চোখে পড়ার মতো।



