মানসিকভাবে প্রস্তুত হরমনপ্রীতরা

ব্রিস্টলঃ আর মাত্র একদিনের অপেক্ষা। কালই হবে সাত বছর দীর্ঘ অপেক্ষার অবসান। ২০১৪ সালের পর কাল আবার টেস্ট জার্সি চাপিয়ে মাঠে নেমে পড়বেন মিতালি রাজ-হরমনপ্রীত কউররা। সোমবার বিসিসিআইয়ের তরফ থেকে একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠক আয়োজন করা হয়েছিল। সেখানেই ম্যাচের প্রস্তুতি সম্বন্ধে বলতে গিয়ে হরমনপ্রীত ভারতের পুরুষ টেস্ট দলের সহ-অধিনায়ক রাহানের সঙ্গে ভারতের মহিলা দলের টেস্ট ম্যাচ নিয়ে কথোপকথনের বিষয়টি জানান।
তার আগে ভারতের মহিলা টেস্ট দলের সহ-অধিনায়ক হরমনপ্রীত কউর বলে দিলেন ভারতীয় দল সাত বছর পর টেস্ট খেলতে মানসিকভাবে প্রস্তুত। বিশেষ করে লাল-বল বিশেষজ্ঞ আজিঙ্কা রাহানেরসঙ্গে কথা বলার পর। মিতালি-ঝুলনদের ইংল্যান্ড সফর শুরু হবে বুধবার, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের মধ্য দিয়ে। এরপর তাঁরা সেদেশে একদিনের ম্যাচ এবং টি-২০ ম্যাচের সিরিজ খেলবেন।
হরমনপ্রীত বলেন, ‘আমি খুব বেশি লাল বল ক্রিকেট খেলিনি। মাত্র দুটো টেস্ট ম্যাচ খেলেছি। এইবার আমরা আজিঙ্কা রাহানের সঙ্গে এই বিষয়ে কথা বলার একটা সুযোগ পেয়েছিলাম। কীভাবে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ব্যাট করতে হয়, মানসিকভাবে কীভাবে প্রস্তুতি নিতে হয় এই নিয়ে কথা হয়েছে। তাই মানসিক দিক থেকে আমরা টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত’।তবে২০১৩ সালে ভারতের টেস্ট দলে অভিষেক হওয়া রাহানে এই মুহূর্তে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে বিরাট কোহলির দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ। এখনও পর্যন্ত দেশের জার্সি গায়ে ৭৩টি টেস্ট ম্যাচ খেলে ৪৫৮৩ রান করেছেন মুম্বইকর এই ব্যাটসম্যান। এর মধ্যে কয়েকটি ম্যাচে অধিনায়কত্বও করেছেন তিনি। বছরের শুরুতে ভারতীয় দল অস্ট্রেলিয়া থেকে ঐতিহাসিক বর্ডার-গাভাস্কার ট্রফি জিতে এসেছিল রাহানের অধিনায়কত্বেই।
এরপর আবার টেস্ট দলে বিরাট কোহলির ডেপুটির সঙ্গে কী কথা হয়েছে জিজ্ঞেস করা হলে হরমনপ্রীত বলেন, ‘আমরা খুব সহজভাবে বন্ধুর মতো কথা বলেছি রাহানের সঙ্গে। ওঁনার প্রচুর অভিজ্ঞতা রয়েছে, তাই যখনই ওঁনার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি আমরা সেটাকে কাজে লাগিয়েছি। রাহানে ওঁনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ব্যাট করা নিয়ে কিছু জরুরি পরামর্শ দিয়েছেন, ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে কোন মানসিকতা এবং অ্যাপ্রোচ নিয়ে ব্যাট করতে হয়, কীভাবে নিজের ইনিংস সাজাতে হয় সবকিছু বলেছেন’।
সীমিত ওভারের ক্রিকেটে প্রতিষ্টিত হওয়ার পর এবার টেস্ট ক্রিকেটেও নিজের ছাপ ফেলতে মরিয়া হরমনপ্রীত। ৩২ বছর বয়সি হরমনপ্রীত বলেন, ‘নেট প্র্যাক্টিসের সময়েও আমরা মানসিকভাবে ঠিক থাকার চেষ্টা করি। যখন তুমি খুশি থাকো, তুমি ভালো ক্রিকেট খেলো। আমরা তাই নিজেদের শক্তির ওপর ভিত্তি করে খেলতে চাই’।



