মুরগীর মাংসের দোকান ভাঙচুর করে বিজেপি কর্মীকে মারধোর করার অভিযোগ ভাটপাড়ার পানপুরে
নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- মুরগীর মাংসের দোকান ভাঙচুর করে বিজেপি কর্মীকে মারধোর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সকালে ভাটপাড়া থানার কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন পানপুর মোড়ের ঘটনা। ভাটপাড়া নম্বর ওয়ার্ডের মাদ্রাল সুভাষপুরের বাসিন্দা আক্রান্ত বিজেপি কর্মী প্রসেনজিৎ সাহাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিয়েছে। আক্রান্ত প্রসেনজিৎ সাহার অভিযোগ, বিজেপি করার অপরাধে তৃণমূলের লোকজন তার ওপর চড়াও হয়েছে।
তার স্ত্রী দীপা সাহাকেও মারধোর করা হয়েছে। প্রসেনজিতের অভিযোগ, স্ত্রীর কোল থেকে তিন বছরের শিশু কন্যাকে ছিনিয়ে নিয়ে ওরা রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বিদায়ী তৃণমূল কাউন্সিলর দেব প্রসাদ সরকারের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। কারও সঙ্গে ব্যক্তিগত ঝামেলার জেরে এই ঘটনা হতে পারে।



