জেলা

ভাটপাড়ায় বিজেপির বড় ভাঙন, তিন কাউন্সিলর সদলবলে বিজেপি ছেড়ে তৃণমূলে

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- ভাটপাড়ায় বিজেপির বড়সড় ভাঙন। রবিবার সন্ধেতে সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ তিন বিদায়ী কাউন্সিলর দলবল নিয়ে বিজেপি ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন বনমন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন গেরুয়া ছেড়ে তৃণমূলের পতাকা ধরলেন সাংসদ অর্জুন সিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ ১১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জ্যোতি সাউ এবং স্বামী অরুন সাউ, ১২ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর গীতা যাদব ছাড়াও প্রাক্তন কাউন্সিলর কানাই জয়সওয়াল, যুব নেতা তরুণ সাউ।

এদিনের যোগদান পর্বে হাজির ছিলেন বিধায়ক পার্থ ভৌমকি, সুবোধ অধিকারী, নারায়ন গোস্বামী ও সোমনাথ শ্যাম। এদিনের যোগদান পর্বের মূল উদ্যক্তা তৃণমূল নেতা গোপাল রাউত ছাড়াও উপস্তিত ছিলেন ভাটপাড়া শহর ও জগদ্দল শহর তৃণমূল সভাপতি যথাক্রমে দেবজ্যোতি ঘোষ ও জিতেন্দ্র সাউ। যদিও এদিন শাসকদলের যোগদান অনুষ্ঠানে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসে পড়ল। মঞ্চে দেখা গেল না ভাটপাড়ার তৃণমূল চেয়ারম্যান ধরমপাল গুপ্তা এবং তার পুত্র যুব নেতা অমিত গুপ্তা, প্রিয়নকু পান্ডে ও মন্নু সাউ এবং শ্যামনগর-আতপুর তৃণমূল কার্যকরী সভাপতি সঞ্জয় সিং। তবে গোষ্ঠী দ্বন্দের বিষয় উড়িয়ে দিয়ে ভাটপাড়ার তৃণমূল সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, ধরমপাল গুপ্তা অসুস্থ এবং প্রিয়নকু পান্ডের স্ত্রী অসুস্থ। তাই ওনারা হাজির থাকতে পারেন নি।

Related Articles

Back to top button