আত্মাশুদ্ধি

মন্ত্রে বিশ্বাস করে সাধন করলে অবিদ্যানাশ হয়, আনন্দলাভ হয়।

ভগবান মানুষের নিরানব্বইটা দোষের কথা ভুলে যান, কিন্তু একটা মাত্র ভালর কথাই মনে রাখেন ৷

 

মন্ত্রে বিশ্বাস করে সাধন করলে অবিদ্যানাশ হয় ৷ আনন্দলাভ হয় ৷ ভগবানকে প্রসন্ন করতে হলে নিষ্ঠার সঙ্গে আন্তরিকভাবে ডেকে যেতে হবে ৷

নিজেকে দীনহীন কখনো ভাববে না ৷ যা হয়েছে, হয়ে গিয়েছে ৷ সেজন্য ভেবো না ৷ ঠাকুরের কাছে তোমরা আবদার করবে ৷ জোর করবে ছোট ছেলের মতো, বলবে — কেন দেবে না ? তিনি যে আমাদের অত্যন্ত আপনার জন ৷ পরম আত্মীয় ৷

একশোর মধ্যে নিরানব্বইটা কেউ ভাল করলেও সাধারণ মানুষ তা ভুলে যায়, কিন্তু একটা মন্দ করলে মনে রাখে ৷ আর ভগবান ? তিনি নিরানব্বইটা দোষের কথা ভুলে যান, কিন্তু একটা মাত্র ভালর কথা মনে রাখেন ৷ এই হলো মানুষের সঙ্গে ভগবানের তফাৎ ৷ ঠাকুর বলতেন, আমরা যখন যতটুকু ডেকেছি তিনি শুনে রেখেছেন ৷ তিনি পিঁপড়ের পায়ের নূপুরের ধ্বনিটিও শুনতে পান ৷

ঠাকুরকে স্মরণ করা, চিন্তা করা আমাদের বিশেষ প্রয়োজন ৷ সাক্ষাৎ ভগবান মানুষের রূপ ধরে এসেছেন ৷ মানুষ যা নিয়ে মেতে আছে, তিনি সেই দিক দিয়েই গেলেন না ৷…. তাঁর মুখ দিয়ে মা-কালী কথা বলেছেন ৷ তাই তাঁর কথা পড়লে মনে খুব জোর পাবে ৷ মনে হবে আমাকে কেউ ডোবাতে পারবে না ৷ তিনি সকলের জন্য কত কেঁদেছিলেন !

আমাদের দেরি যদি হয় — তাতে ভগবানের দোষ নয়, তাঁর নামের দোষ নয় ৷ আমাদের মনে অনেক কামনা-বাসনা আছে বলেই ঠিক ঠিক হয় না ; তাই দেরি হয় ৷ তিনি লুকিয়ে রয়েছেন ভেতরে-বাইরে সর্বত্র ৷

                                           — স্বামী মাধবানন্দ ৷

Related Articles

Back to top button