MY CATAGORY

ভ্যাকসিন জট, বনগাঁ বিডিও অফিসে ডেপুটেশন

ভ্যাকসিন জট, বনগাঁ বিডিও অফিসে ডেপুটেশন

বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ
রাজ্য সরকারের ভ্যাকসিন দেওয়ার পদ্ধতি সঠিক নয়, অর্থের বিনিময়ে কুপন নিয়ে লাইনে দাঁড়ালে তবেই মিলছে ভ্যাকসিন। এমনই অভিযোগে শুক্রবার বনগাঁ বিডিও অফিসে বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন জমা দেয় বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া।

করোনা পরিস্থিতিতে আইসিএমআর এর পক্ষ থেকে সকল নাগরিকের জন্য ভ্যাকসিন নেওয়া আবশ্যক জানানো সত্বেও মিলছেনা ভ্যাকসিন। ভ্যাকসিন নিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে দীর্ঘ প্রতীক্ষার পর হতাশ হয়ে ফিরেছেন সাধারণ মানুষ এমন বহু চিত্র উঠে এসেছে সংবাদ মাধ্যমের সামনে। শাসক দলের পক্ষ থেকে বিজেপি কর্মী সমর্থকদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে না এই মর্মে শুক্রবার বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়ার নেতৃত্বে বিজেপির পক্ষ থেকে বিডিও অফিসে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়।

এদিন ডেপুটেশন সম্পর্কে অশোকবাবু বলেন সরকারের ভ্যাকসিন দেওয়ার পদ্ধতি একেবারেই সঠিক নয়। বনগাঁর গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে অর্থের বিনিময়ে কুপন নিয়ে লাইনে দাঁড়িয়ে সরকারি ভ্যাকসিন প্রক্রিয়া চলছে। যারা টাকা দিচ্ছেন তারা ভ্যাকসিন পাচ্ছেন যারা টাকা দিতে পারছেন না তারা ভ্যাকসিন পাচ্ছেন না। এছাড়াও তিনি আরও বলেন তৃণমূল কর্মী সমর্থকদের বেছে বেছে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, বিজেপি কর্মী সমর্থকদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে না এরূপ অবিচার চলতে পারে না। আমরা ভারতীয় জনতা পার্টি তাই বিডিওর কাছে ডেপুটেশন জমা দিলাম। যদি ভ্যাকসিন নিয়ে পরবর্তীতে আরো বেশি সমস্যা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাব, এমনই হুঁশিয়ারি দিলেন এদিন তিনি।

বিধায়কের কথার পরিপ্রেক্ষিতে বনগাঁ পৌরসভার নতুন প্রশাসক গোপাল শেঠ বলেন বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ওদের কাজই হলো মিথ্যা প্রবঞ্চনার মধ্যে দিয়ে এগোনো। করোনা পরিস্থিতিতে ভ্যাকসিন কতটা জরুরী সেটা সবাই জানে। দল নির্বিশেষে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া চলছে, আর যেখানে কেন্দ্র সরকার ভ্যাকসিন দিচ্ছে না, সেখানে রাজ্যসরকারের নামে যিনি অপপ্রচার করছেন, তাঁর বিরুদ্ধে তো মানহানির মামলা করা উচিৎ এমনটাই বললেন এদিন তিনি।

Related Articles

Back to top button